ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এর বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক-কে গ্রেপ্তারের জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারি করতে আদালত নির্দেশ দিয়েছেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির পার্লামেন্ট সদস্য টিউলিপের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, টিউলিপ তাঁর খালা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহার করেছেন। রাজউকের আইন কর্মকর্তাকে প্রভাবিত করে তিনি বিনা মূল্যে রাজধানীর গুলশানে অবস্থিত ইস্টার্ন হাউজিং লিমিটেড-এর একটি ফ্ল্যাট দখল নেন। মামলা দায়েরের আগে তিনি দেশত্যাগ করেন এবং মামলা প্রমাণসহ আলামত ধ্বংসের চেষ্টা করেছেন। তাই তাকে গ্রেপ্তারের জন্য রেড নোটিশ জারি করা অপরিহার্য বলে আদালত উল্লেখ করেছেন।
