সেনাঘাঁটিতে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে ভারতের তৈরি যুদ্ধবিমান HAL Tejas বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় বিমানটি দুমড়ে-মুচড়ে গেলেও পাইলট দ্রুত বেরিয়ে আসতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ভারতীয় সংবাদমাধ্যম India Today–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দেশটির বার্তা সংস্থা পিটিআইয়ের সূত্রে বলা হয়, চলতি মাসের ৭ ফেব্রুয়ারি একটি প্রশিক্ষণ শেষে ঘাঁটিতে ফেরার সময় অবতরণকালে বিমানটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরিস্থিতি বেগতিক বুঝে পাইলট ইজেক্ট করেন। এরপর বিমানটি রানওয়ে থেকে ছিটকে দূরে গিয়ে বিধ্বস্ত হয়।
ঘটনার পর ভারতীয় বিমানবাহিনী প্রায় ৩০টি এক আসনবিশিষ্ট তেজস যুদ্ধবিমান সাময়িকভাবে গ্রাউন্ডেড করেছে। এগুলোর যান্ত্রিক ত্রুটি আছে কি না তা খতিয়ে দেখা হবে। বিশেষজ্ঞদের অনুমোদন মিললে পুনরায় সেগুলো ব্যবহারে আনা হবে।
তেজস যুদ্ধবিমান নির্মাণ করছে রাষ্ট্রায়ত্ত সংস্থা Hindustan Aeronautics Limited (হ্যাল)। ২০২১ সালের ফেব্রুয়ারিতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় হ্যালকে ৮৩টি তেজস তৈরির অনুমোদন দেয়। পরে আরও ৯৭টি বিমান তৈরির চুক্তিও হয়। তবে নির্ধারিত সময়ে সরবরাহে দেরি এবং জিই অ্যারোস্পেসের ইঞ্জিন সরবরাহে জটিলতার অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, তেজস যুদ্ধবিমানের এটি তৃতীয় দুর্ঘটনা। এর আগে ২০২৪ সালের মার্চে রাজস্থানের জয়সালমিরের কাছে একটি তেজস বিধ্বস্ত হয়; সেবারও পাইলট প্রাণে বেঁচে যান। পরে দুবাই এয়ার শো চলাকালে আরেকটি দুর্ঘটনায় পাইলট উইং কমান্ডার নামান স্যালের মৃত্যু হয়।
