স্টাফ রিপোর্টার: জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হাসান (তাইম) হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন বিষয়ে আজ আদেশ দেওয়ার কথা থাকলেও তা হয়নি। আগামী ২২ ফেব্রুয়ারি এ বিষয়ে আদেশের নতুন তারিখ নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।
মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এ মামলায় মোট ১১ জন আসামি রয়েছেন। তাঁদের মধ্যে আছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানসহ অন্যরা।
নিহত ইমাম হাসান রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের উপপরিদর্শক মো. ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে ২০২৪ সালের ২০ জুলাই যাত্রাবাড়ীর কাজলা পদচারী–সেতুর কাছে পুলিশের গুলিতে তিনি নিহত হন। তিনি নারায়ণগঞ্জের সরকারি আদমজী নগর এমডব্লিউ কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
মামলার পরবর্তী কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট মহলে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।
