ন্যায্য ভাড়া নিশ্চিতের দাবিতে সড়ক অবরোধ করা যাত্রীরা পুলিশের আশ্বাসে দুই ঘণ্টা পর নবীনগর-চন্দ্রা মহাসড়ক ছেড়ে দেন। এরপর যান চলাচল শুরু হলেও কিছু অংশে ধীরগতির পরিস্থিতি তৈরি হয়।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বাইপাইলসংলগ্ন অংশ থেকে আন্দোলনকারীরা সরে গেলে ধীরে ধীরে যানবাহন চলাচল স্বাভাবিক হতে থাকে।
আন্দোলনকারীদের ভাষ্য, পোশাক কারখানায় ছুটি শুরু হওয়ায় অনেক শ্রমিক বাড়ির পথে রওনা হন। এই সুযোগে কিছু পরিবহন স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ-তিনগুণ ভাড়া আদায় করছে বলে অভিযোগ ওঠে। অতিরিক্ত ভাড়ার প্রতিবাদেই তারা সড়কে অবস্থান নেন।
সাভার হাইওয়ে পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা শেখ শাহজাহান জানান, সকাল ৮টার দিকে শ্রমিক ও যাত্রীরা ভাড়া নিয়ে অসন্তোষ প্রকাশ করে সড়কে অবস্থান নেন। পরে আলোচনা ও আশ্বাসের পর তারা সরে গেলে যান চলাচল পুনরায় শুরু হয়। যাত্রীদের দাবি অনুযায়ী ভাড়া নিয়ন্ত্রণে কাজ চলছে বলেও জানান তিনি। কিছু স্থানে যানজট বা ধীরগতি রয়েছে, তা সামাল দিতে পুলিশ ও সেনাবাহিনী মাঠে রয়েছে।
