নির্বাচন সম্পন্ন হওয়ার পর ক্ষমতা নির্বাচিত সরকারের কাছে বুঝিয়ে দিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা নিজ নিজ পেশাগত জীবনে ফিরে যাবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। ভাষণে তিনি উল্লেখ করেন, নির্বাচন শেষ হলে নবনির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব নেবে এবং তখনই অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হবে।
ড. ইউনূস বলেন, নবনির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দিয়ে তাদের সাফল্য কামনা জানিয়ে উপদেষ্টারা বিদায় নেবেন এবং আগের কর্মজীবনে ফিরে যাবেন। সেই মুহূর্তের অপেক্ষায় তারা আছেন বলেও জানান তিনি।
ভোটারদের উদ্দেশে প্রধান উপদেষ্টা আহ্বান জানিয়ে বলেন, সবাই যেন পরিবার-পরিজন নিয়ে উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করেন।
তিনি আরও বলেন, একটি আনন্দঘন ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের মাধ্যমে দিনটিকে স্মরণীয় করে রাখতে হবে। বক্তব্যের শেষাংশে তিনি মহান আল্লাহর সাহায্য কামনা করেন।
