বান্দরবান জেলা শহরে আগুনে পুড়ে গেছে বিএনপির একটি নির্বাচনী কার্যালয়। দলটির অভিযোগ, রাতের আঁধারে দুর্বৃত্তরা কার্যালয়টি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। সোমবার মধ্যরাতে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাফেজঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বিএনপির নেতা-কর্মীরা জানান, সোমবার রাতেও কার্যালয়ে অবস্থান নিয়ে প্রচারণা চালানো হয়। প্রচারণা শেষে রাত ১২টার দিকে সবাই চলে যাওয়ার পরপরই সেখানে আগুন লাগে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বান্দরবান-চিম্বুক সড়কের পাশে অস্থায়ীভাবে স্থাপিত কার্যালয়ের শামিয়ানা আগুনে পুড়ে গেছে। চারপাশে চেয়ার ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।
বান্দরবান-চিম্বুক আসনের বিএনপি প্রার্থী সাচিংপ্রু জেরীর প্রধান নির্বাচনী এজেন্ট মো. মজিবুর রশিদ বলেন, “সারা দেশে একটি মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে। তারাই এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।” তিনি জানান, বিষয়টি তদন্তাধীন এবং নেতা-কর্মীদের ধৈর্য ধরতে বলা হয়েছে।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, এখনো বিএনপির পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ ঘটনাটি সম্পর্কে অবগত করেছে এবং তদন্ত চলছে।
