জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারে দেশের সব স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট ২৪ ঘণ্টার জন্য বন্ধ রাখছে সরকার। এ সময় কোনো যাত্রী প্রবেশ বা প্রস্থান করতে পারবেন না।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক চিঠিতে এ নির্দেশনা জানানো হয়। এতে উপসচিব আরিফুর রহমান স্বাক্ষর করেন।
সরকারি নির্দেশনা অনুযায়ী, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৬টা পর্যন্ত সব স্থলবন্দরে আগমন ও বহির্গমন কার্যক্রম স্থগিত থাকবে। সংশ্লিষ্ট দপ্তর ও কর্তৃপক্ষকে বিষয়টি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
সরকার জানিয়েছে, নির্বাচনকালীন সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করার স্বার্থেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
