রাজশাহীর পুঠিয়ায় ভুটভুটি ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার তাহেরপুর রোডে এ দুর্ঘটনা ঘটে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, পুঠিয়া থেকে তাহেরপুরগামী একটি বালুবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ভুটভুটির সংঘর্ষ হয়। এতে দুজন গুরুতর আহত হন। পরে তাদের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন— নাহিম ও হামিম। তারা রাজশাহী নগরের হয়গ্রাম এলাকার মুরগি ব্যবসায়ী। মুরগি কিনতে শহর থেকে পুঠিয়ায় এসেছিলেন তারা।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা ট্রাকচালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। নিহতদের পরিবার মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
