পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জুমার নামাজের সময় একটি ইমামবাড়ায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ। কর্তৃপক্ষ আশঙ্কা করছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
শুক্রবার স্থানীয় সময় ইসলামাবাদের তারালাই এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিপুলসংখ্যক পুলিশ ও উদ্ধারকারী দল। তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করা হয়।
ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরি পুলিশের মুখপাত্র তকি জাওয়াদ জানান, বিস্ফোরণের ধরন এখনও স্পষ্ট নয়। এটি আত্মঘাতী হামলা, নাকি আগে থেকে পুঁতে রাখা কোনো বিস্ফোরক—তা জানতে ফরেনসিক তদন্ত চলছে।
ঘটনার পরপরই রাজধানীর বিভিন্ন হাসপাতালে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। ইসলামাবাদ পলিক্লিনিক হাসপাতাল, পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) ও সিডিএ হাসপাতাল আহতদের চিকিৎসায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। পিআইএমএস কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি বিভাগসহ অর্থোপেডিক, বার্ন ও নিউরোলজি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু রাখা হয়েছে। গুরুতর আহতদের দ্রুত এসব হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।
এর আগে ২০২৫ সালের ১১ নভেম্বর ইসলামাবাদের জি-১১ এলাকায় আদালত ভবনের সামনে আত্মঘাতী হামলায় ১২ জন নিহত ও অন্তত ৩০ জন আহত হন। কয়েক মাসের ব্যবধানে আবারও এমন হামলার ঘটনায় নতুন করে নিরাপত্তা উদ্বেগ দেখা দিয়েছে।
