২০২৪ সালের ২০ জুলাই যাত্রাবাড়ীর কাজলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র নেতা ইমাম হাসান তাইমের নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি সম্পন্ন হয়েছে। আসামিপক্ষের শুনানি নেওয়ার জন্য আগামী ২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বুধবার (২৮ জানুয়ারি) বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীরের নেতৃত্বাধীন দুই সদস্যের প্যানেল এই আদেশ দেন। শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম যাত্রাবাড়ী হত্যাকাণ্ডের বিস্তারিত বর্ণনা দিয়ে আসামিদের ব্যক্তিগত দায় তুলে ধরেন।
তিনি বলেন, ওই দিন তৎকালীন কমিশনার হাবিবুর রহমান ও যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তাইমকে গুলি করে হত্যা করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে বাঁচাতে পেছন থেকে ধরে টেনে নেওয়া হয়, কিন্তু বন্ধুকে গুলিবিদ্ধ করা হয় এবং পরে তাইমকে ফেলে রেখে যায় পুলিশ।
১১ আসামির বিরুদ্ধে হত্যার নির্দেশ, উসকানি-প্ররোচনা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তার দুই আসামি আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। পলাতক ৯ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা শুনানির জন্য সময় চেয়ে আবেদন করেন।
এ ঘটনার আগে ২৪ ডিসেম্বর ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
তাইমের বাবা মো. ময়নাল হোসেন ভূঁইয়া, যিনি রাজারবাগ পুলিশ লাইন্সের উপ-পরিদর্শক, নিহত ছেলের মরদেহ পেয়ে যখন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানালেন, তার হৃদয়বিদারক বক্তব্য সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।
