গোপালগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইদুর রহমান বাসু হত্যা মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন আদালত। পাশাপাশি চারজনকে আমৃত্যু কারাদণ্ড এবং ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রহিবুল ইসলাম এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের নাম হলেন—বুলবুল শেখ, হেদায়েত শেখ, তফসির শেখ, কিবরিয়া আল কাজী ও ঝন্টু শেখ। মামলার প্রসিকিউটর আব্দুর রশীদ মোল্লা এই তথ্য নিশ্চিত করেছেন।
২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি রাতের সময় গোপালগঞ্জের কুয়াডাঙ্গা মোটর শ্রমিক ইউনিয়নের অফিস থেকে বাসু মৌলভীপাড়ার বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে পিটিয়ে গুরুতর আহত করে। তার দু’পা ও এক হাত ভেঙে যায়। স্থানীয়রা তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পর অবস্থার অবনতি হলে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন তার মৃত্যু হয়।
২০১৭ সালের ২৯ আগস্ট গোপালগঞ্জ দায়রা জজ মো. দলিল উদ্দিন অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। পরবর্তীতে ২০১৮ সালের ১৬ আগস্ট মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরিত করা হয়। দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার শুনানি ও তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আজ রায় ঘোষণা করা হয়।
