সনদ জালিয়াতির মাধ্যমে চাকরি নেওয়ার অভিযোগে বিসিএসের তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযুক্তদের মধ্যে ৩৮তম বিসিএস ব্যাচের দুজন এবং ৪১তম ব্যাচের একজন রয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে মামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন জানিয়েছেন।
মামলার তালিকায় থাকা কর্মকর্তারা হলেন—৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের সঞ্জয় দাস (রেজি. নম্বর-০৮২৯৪৭), ৪১তম বিসিএস প্রশাসন ক্যাডারের সুকান্ত কুণ্ডু (রেজি. নম্বর-১১০৬৬২৯৬) এবং ৩৮তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারের আবু সালেহ মো. মুসা (রেজি. নম্বর-০৮২৮১৪)।
তাদের বিরুদ্ধে অভিযোগ, জালিয়াতির মাধ্যমে স্নাতক পরীক্ষার সনদ তৈরি করে তা পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) দাখিল করে বিসিএস প্রশাসন ও পররাষ্ট্র ক্যাডারে চাকরি নেন। পরবর্তীতে সনদ যাচাইয়ে দেখা যায়, জমা দেওয়া সনদগুলো জালিয়াতির মাধ্যমে প্রস্তুত করা। এ ঘটনায় দুদক বিধিমালা, ২০০৭-এর ১০(চ) বিধির আওতায় তাদের বিরুদ্ধে মামলা রুজুর অনুমোদন দেওয়া হয়েছে।
সূত্র জানায়, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে স্নাতক পরীক্ষার অবতীর্ণ সনদ জালিয়াতির অভিযোগ দীর্ঘদিনের। পিএসসির নিজস্ব তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর প্রতিষ্ঠানটি সুপারিশ করলে দুদক আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেয়। অনুসন্ধান প্রতিবেদনে উল্লেখ করা হয়, অভিযুক্তরা জাল সনদ ব্যবহার করে বিসিএসে আবেদন করেছিলেন এবং পরবর্তী যাচাইয়ে তা ভুয়া প্রমাণিত হয়।
