জুলাই গণঅভ্যুত্থানের সময় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার বিচারিক কার্যক্রম শেষ পর্যায়ে পৌঁছেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার যুক্তিতর্ক উপস্থাপন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ফলে আদালত মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রেখেছেন এবং যেকোনো দিন রায় ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।
মানবতাবিরোধী অপরাধের এ মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. হাবিবুর রশীদসহ মোট ৩০ জনকে আসামি করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে সাবেক উপাচার্যসহ ২৪ জন বর্তমানে পলাতক রয়েছেন।
অন্য ছয় আসামি— বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্ট্রার রফিউল হাসান, রেজিস্ট্রার কার্যালয়ের চুক্তিভিত্তিক সাবেক কর্মচারী আনোয়ার পারভেজ, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আরসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা তামিরুল চৌধুরী ওরফে আকাশ— বর্তমানে কারাগারে আটক আছেন।
আজকের খবর/ এম.এস.এইচ.
