দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে আজ দুপুরের পর থেকে মধ্যরাত পর্যন্ত দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বজ্রবৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার (৫ মে) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানান আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ রাত ১টার মধ্যে ঢাকা, খুলনা, ফরিদপুর ও মাদারীপুরসহ দেশের দক্ষিণ ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় আবহাওয়া প্রতিকূল থাকতে পারে। বিশেষ করে বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এই সময়ের মধ্যে এসব এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির প্রবল সম্ভাবনাও রয়েছে। পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আগামীকাল সকাল ৯টা পর্যন্ত দেশের রংপুর, খুলনা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু–একটি স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
