জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ১০ মে’র মধ্যে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে তাদের সমর্থিত প্রার্থীদের তালিকা ঘোষণা করবে বলে জানিয়েছেন দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
মঙ্গলবার (৬ মে) রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। সেখানে বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের দলে যোগদান উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।
সারজিস আলম বলেন, পূর্বঘোষণা অনুযায়ী ৩০ এপ্রিলের মধ্যে ১০০টি উপজেলা ও পৌরসভায় প্রার্থী দেওয়ার পরিকল্পনা ছিল। তবে কিছু সাংগঠনিক ও ব্যক্তিগত জটিলতার কারণে সেই সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এখন নতুন লক্ষ্য অনুযায়ী ১০ মে’র মধ্যে প্রাথমিকভাবে সমর্থিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
তিনি আরও জানান, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে এনসিপি তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালী করার পাশাপাশি যোগ্য প্রার্থী বাছাইয়ের কাজ চালিয়ে যাচ্ছে।
