রাজধানীতে আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ মে নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। নির্ধারিত দিনে প্রতিবেদন জমা না দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মঙ্গলবার (৫ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের কথা ছিল। তবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম নতুন এই তারিখ ধার্য করেন।
উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে ফেরার পথে পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন ওসমান হাদি। পরে গুরুতর অবস্থায় তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় ১৪ ডিসেম্বর পল্টন থানায় মামলা দায়ের করা হয়। পরবর্তীতে হত্যা মামলা হিসেবে দণ্ডবিধির ৩০২ ধারা যুক্ত করা হয়।
এর আগে গোয়েন্দা পুলিশ (ডিবি) ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করলেও তাতে অসন্তোষ প্রকাশ করে বাদী পক্ষ। পরে আদালত অধিকতর তদন্তের নির্দেশ দিয়ে মামলাটি সিআইডির কাছে হস্তান্তর করেন।
বর্তমানে মামলার ১৭ আসামির মধ্যে ১১ জন কারাগারে থাকলেও ৬ জন পলাতক রয়েছে।
