বগুড়ায় ঢাকা-বগুড়া মহাসড়কের কাস্টমস অফিসের সামনে রকি মাহমুদ (২৪) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রকি মাহমুদ বগুড়ার শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম উত্তরপাড়ার বেলাল হোসেনের ছেলে। তিনি পেশায় গ্যারেজ মিস্ত্রি ছিলেন এবং পাশাপাশি ইট-বালুর ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বনানী ফ্লাইওভারের নিচে কাস্টমস অফিস সংলগ্ন এলাকায় হঠাৎ করেই দুর্বৃত্তরা রকির ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় চাপাতি ও দা দিয়ে তার মাথার পেছনে আঘাত করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় পুলিশ মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনাস্থল থেকে দুটি হাতুড়ি ও একটি দা উদ্ধার করা হয়েছে।
নিহতের ভাই রানা দাবি করেন, ব্যবসায়িক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। তার ভাষ্য, হারুন, নীরব ও বাপ্পী নামের কয়েকজনের সঙ্গে রকির আগে থেকেই বিরোধ ছিল এবং হারুন ফোন করে ডেকে নেওয়ার পরই এই ঘটনা ঘটে।
নিহতের মা জানান, সকালে রকি তাকে জানিয়েছিল হারুন তাকে দোকান করতে বাধা দিচ্ছে। দুপুরে খাবারের পর ফোন পেয়ে সে বাড়ি থেকে বের হয়।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে পূর্ব বিরোধকেই হত্যার কারণ হিসেবে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
