ব্রাহ্মণবাড়িয়ার উৎপাদিত গ্যাস আগে স্থানীয় জনগণের জন্য বরাদ্দ দেওয়ার দাবি তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।
রুমিন ফারহানা বলেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে উৎপাদিত গ্যাস দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। তাই অগ্রাধিকার ভিত্তিতে এ অঞ্চলের মানুষকে গ্যাস দেওয়ার বিষয়টি নিশ্চিত করা উচিত।
তিনি জানান, তিতাস গ্যাসক্ষেত্রে ৩১ নম্বর কূপ খনন করা হচ্ছে, যেখান থেকে প্রতিদিন প্রায় ৯ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন এই কূপ থেকে উৎপাদিত গ্যাস প্রথমে ব্রাহ্মণবাড়িয়ার জনগণের জন্য বরাদ্দ দেওয়ার আহ্বান জানান তিনি।
সংসদে দেওয়া বক্তব্যে তিনি ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যের কথাও তুলে ধরে বলেন, এ অঞ্চল দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।
গ্যাস সংকটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আশুগঞ্জ শিল্পাঞ্চলে সার কারখানা, বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান থাকা সত্ত্বেও স্থানীয়রা গ্যাসের অভাবে ভুগছেন। অথচ এখানকার গ্যাস দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, ২০১৬ সালে আবাসিক গ্যাস সংযোগ বন্ধ করা হলেও এখনও কিছু অসাধু কর্মকর্তার সহায়তায় অবৈধ সংযোগ চালু রয়েছে।
