কুমিল্লা শহরের অন্যতম প্রবেশপথ জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড এলাকায় স্থাপিত দুটি ব্যানারকে ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। বাস টার্মিনালের ওপর টাঙানো এসব ব্যানার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই।
স্থানীয়দের অভিযোগ, ব্যানারগুলোর উপস্থাপন ও বার্তা ‘কুরুচিপূর্ণ’ এবং একটি ঐতিহ্যবাহী ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ শহরের ভাবমূর্তির সঙ্গে সাংঘর্ষিক। প্রতিদিন এই সড়ক দিয়ে হাজারো পথচারী, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ যাতায়াত করেন—যা বিষয়টিকে আরও স্পর্শকাতর করে তুলেছে।
একজন স্থানীয় বাসিন্দা জসিম ক্ষোভ প্রকাশ করে বলেন,“এটা কোনোভাবেই জনসমক্ষে প্রদর্শনের উপযোগী নয়। বিশেষ করে যেখানে প্রতিদিন এত শিক্ষার্থী চলাচল করে, সেখানে এমন কিছু থাকা দুঃখজনক।”
সচেতন মহল মনে করছে, এ ধরনের ব্যানার জনসাধারণের নৈতিকতা ও সামাজিক পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তারা দ্রুত এসব ব্যানার অপসারণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক Yousuf Mollah Tipu এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
এখনো পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
একটি শহরের প্রবেশমুখই সেই শহরের প্রথম পরিচয় বহন করে। তাই জনসচেতনতা ও দায়িত্বশীলতার জায়গা থেকে এ ধরনের বিষয়গুলো গুরুত্বসহকারে দেখা প্রয়োজন বলে মনে করছেন অনেকে।
