জামালপুরে একটি হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৮ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক মোহাম্মদ নেজাম উদ্দীন এ রায় ঘোষণা করেন।
রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন দেওয়ানগঞ্জ উপজেলার বাসিন্দা মো. মোতালেব হোসেন ও মো. রশিদ জামাল। একই মামলায় আব্দুল লতিফ, সুরুজ মিয়া ও আব্দুল হামেদকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া খোরশেদ আলম নামের এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।
মামলার তথ্য অনুযায়ী, ২০০৭ সালের ২২ মে সন্ধ্যায় অভিযুক্তরা সবুজপুর এলাকায় ভুক্তভোগী আক্তার হোসেন আবেদীনের খোঁজে তার বাড়িতে যান। পরে রাতে আবেদীন বাড়ি ফেরার পর তাকে ডেকে নিয়ে যাওয়া হয়।
রাতেই স্থানীয় একটি মাদরাসা মাঠের পাশে তার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পরদিন নিহতের ছেলে মো. সাইফুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন।
