জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর আসন পরিবর্তন করে প্রধানমন্ত্রীর পাশে বসা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ও জামায়াতের সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান।
বুধবার (৮ এপ্রিল) সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে বিষয়টি উত্থাপন করেন তিনি।
মজিবুর রহমান বলেন, গত কয়েকদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তার নির্ধারিত আসন ছেড়ে প্রধানমন্ত্রীর পাশে বসছেন। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী কোনো বিশেষ অনুমতি দিয়েছেন কি না— তা নিয়েই তিনি প্রশ্ন তোলেন।
তিনি আরও বলেন, যদি এ বিষয়ে কোনো বিশেষ ছাড় না দেওয়া হয়ে থাকে, তাহলে সংসদের কার্যপ্রণালী বিধি যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করার আহ্বান জানান।
এ সময় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বিষয়টির জবাবে বলেন, সংসদে আসন পরিবর্তন স্বাভাবিক বিষয় এবং এটি পয়েন্ট অব অর্ডারের আওতাভুক্ত নয়।
পরবর্তীতে সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল-২০২৬ উপস্থাপনের আহ্বান জানানো হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি নিজের নির্ধারিত আসনে ফিরে যাচ্ছেন।
