ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত সূচি অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ এপ্রিল।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।
বুধবার (৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ইসি সচিব আখতার আহমেদ এ তফসিল ঘোষণা করেন। এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন ইসির যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খান এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন উপসচিব মোহাম্মদ মনির হোসেন।
সংসদের সাধারণ আসনে নির্বাচিত সদস্যরাই সংরক্ষিত নারী আসনের প্রতিনিধিদের নির্বাচিত করেন। সাধারণত দল বা জোটভিত্তিক আসন বণ্টনের সমান সংখ্যক প্রার্থী মনোনয়ন দেওয়ায় অধিকাংশ ক্ষেত্রে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
বর্তমান আইনের আলোকে সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসন দলগুলোর প্রাপ্ত আসনের অনুপাতে বণ্টন করা হয়। এ অনুযায়ী, বিএনপি জোট পাবে ৩৬টি আসন, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র জোট পাবে একটি আসন।
