বাংলাদেশের অর্থনীতি বর্তমানে বহুমুখী চ্যালেঞ্জের মুখে রয়েছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ৯ শতাংশে নেমে আসতে পারে।
বুধবার প্রকাশিত ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রতিবেদনে বলা হয়েছে, টানা তিন বছর ধরে প্রবৃদ্ধির গতি কমছে। একই সঙ্গে দারিদ্র্য বৃদ্ধি, দীর্ঘস্থায়ী উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংকিং খাতের দুর্বলতা এবং রাজস্ব আদায়ে ঘাটতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। এতে সংস্থাটির অর্থনীতিবিদ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বাংলাদেশের অর্থনীতির ওপর নতুন চাপ তৈরি করতে পারে। এর ফলে জ্বালানি ব্যয় বৃদ্ধি, আমদানি খরচ বাড়া, রপ্তানি ও রেমিট্যান্স কমে যাওয়ার ঝুঁকি রয়েছে। এতে বৈদেশিক লেনদেনের ভারসাম্য আরও দুর্বল হতে পারে।
এছাড়া বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়া, কঠোর মুদ্রানীতি এবং ভঙ্গুর ব্যাংকিং ব্যবস্থা দীর্ঘমেয়াদি ধাক্কা সামাল দেওয়ার সক্ষমতাকে সীমিত করে দিচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে।
তবে বিশ্বব্যাংক আশাবাদ ব্যক্ত করে জানিয়েছে, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে এবং দ্রুত কাঠামোগত সংস্কার গ্রহণ করা হলে অর্থনীতি পুনরুদ্ধারের পথে ফিরতে পারে।
প্রতিবেদনে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা, রাজস্ব আয় বৃদ্ধি, আর্থিক খাত শক্তিশালীকরণ এবং ব্যবসাবান্ধব পরিবেশ উন্নয়নে জরুরি নীতিগত সংস্কারের ওপর জোর দেওয়া হয়েছে। এতে কর্মসংস্থান সৃষ্টি ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছে সংস্থাটি।
