অস্ট্রেলিয়ায় ইসলামিক সম্মেলনে অংশ নিতে যাওয়া আলোচক মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করেছে দেশটির সরকার। ফলে নির্ধারিত কর্মসূচি শেষ না করেই তাকে দেশে ফিরতে হচ্ছে।
বুধবার (১ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।
প্রতিবেদনে বলা হয়, অতীতে দেওয়া কিছু বক্তব্যকে ঘিরে বিতর্কের কারণে তার ভিসা বাতিল করা হয়েছে। বিশেষ করে জার্মানির নাৎসি নেতা অ্যাডলফ হিটলার এবং ইহুদিদের নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে বিষয়টি সামনে আসে।
ডেইলি মেইল জানায়, অস্ট্রেলিয়ার ব্রিসবেন, মেলবোর্ন ও সিডনিতে একাধিক ইসলামিক সম্মেলনে অংশ নিতে গিয়েছিলেন আজহারী। তবে নির্ধারিত সময়সূচির আগেই তার ভিসা বাতিল করা হয় এবং তিনি দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।
অস্ট্রেলিয়ার লিবারেল দলের সিনেটর জোনাথান ডানিয়াম জানান, আজহারীর সফর নিয়ে আগে থেকেই উদ্বেগ প্রকাশ করেছিল কিছু কমিউনিটি সংগঠন। এ বিষয়ে তারা মন্ত্রীসহ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগও করে।
সংবাদমাধ্যমটির তথ্যমতে, অতীতে দেওয়া বক্তব্যে আজহারী ইহুদি সম্প্রদায় ও বিভিন্ন বৈশ্বিক ইস্যু নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন, যা নিয়ে সমালোচনা তৈরি হয়।
আজহারীর ৩ এপ্রিল মেলবোর্ন, ৪ এপ্রিল সিডনি এবং ৬ এপ্রিল ক্যানবেরায় সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল। তবে ভিসা বাতিলের কারণে নির্ধারিত এসব অনুষ্ঠান আর করা সম্ভব হচ্ছে না।
