জ্বালানি পরিস্থিতি বিবেচনায় দেশে অনলাইন ও অফলাইন সমন্বয়ে ব্লেন্ডেড শিক্ষাব্যবস্থা চালুর পরিকল্পনা করছে সরকার। এ নিয়ে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে এবং শিগগিরই মন্ত্রিসভা বৈঠকে প্রস্তাব উত্থাপন করা হতে পারে।
মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এ তথ্য জানান।
তিনি বলেন, রোজার ছুটি, বিভিন্ন আন্দোলনসহ নানা কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে বিঘ্ন ঘটেছে। এ ক্ষতি পুষিয়ে নিতে সপ্তাহে পাঁচ দিনের পরিবর্তে ছয় দিন ক্লাস নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। পাশাপাশি কিছু ক্লাস অনলাইনে নেওয়ার উদ্যোগও ভাবা হচ্ছে।
শিক্ষামন্ত্রী জানান, একটি জরিপে প্রায় ৫৫ শতাংশ শিক্ষার্থী ও অভিভাবক আংশিক অনলাইন শিক্ষার পক্ষে মত দিয়েছেন। তবে পুরোপুরি অনলাইন নির্ভর শিক্ষা চালু হলে শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগে প্রভাব পড়তে পারে—এ বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ এগিয়ে নেওয়া হচ্ছে এবং আগামী বৃহস্পতিবারের মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে।
প্রাথমিকভাবে স্কুল পর্যায়ে এই পদ্ধতি চালুর বিষয়টি অগ্রাধিকার পেলেও কলেজ পর্যায়েও তা প্রয়োগ করা হবে কিনা, সে বিষয়ে আলোচনা চলছে। তবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভিন্ন ব্যবস্থা থাকতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।
এছাড়া মহানগর এলাকায় ট্রাফিক জট, জ্বালানি সংকট ও বৈশ্বিক পরিস্থিতির প্রভাব মোকাবিলায় বিকল্প ব্যবস্থাও বিবেচনায় রয়েছে। এর মধ্যে শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস, বৈদ্যুতিক বাস, মেট্রো এবং সৌরশক্তিচালিত পরিবহন ব্যবস্থার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।
