ইরানে হামলার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে স্পেন। দেশটি ঘোষণা দিয়েছে, ইরানে হামলার সঙ্গে সংশ্লিষ্ট কোনো মার্কিন সামরিক বিমান তাদের আকাশসীমা ব্যবহার করতে পারবে না।
সোমবার স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রোবেলস সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ইরান যুদ্ধের সঙ্গে জড়িত কোনো সামরিক তৎপরতার জন্য স্পেনের আকাশসীমা বা সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হবে না।
এর আগে স্পেন যুক্তরাষ্ট্রকে তাদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতিও দেয়নি। নতুন করে আকাশসীমা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তকে আরও কঠোর পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
ন্যাটো সদস্য হওয়া সত্ত্বেও স্পেনের এমন অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। স্পেনের এই সিদ্ধান্তের ফলে মার্কিন সামরিক বিমানগুলোকে বিকল্প পথ ব্যবহার করতে হবে বলে ধারণা করা হচ্ছে।
তবে জরুরি পরিস্থিতিতে এই নিষেধাজ্ঞা কার্যকর নাও হতে পারে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
এদিকে স্পেনের অর্থমন্ত্রী কার্লোস কুয়ের্পো জানিয়েছেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে শুরু হওয়া কোনো যুদ্ধে তাদের সমর্থন নেই। এই সিদ্ধান্ত সেই নীতিরই প্রতিফলন।
উল্লেখ্য, ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপের সমালোচনা করে আসছেন। এমনকি এসব হামলাকে তিনি ‘অবৈধ ও বেপরোয়া’ বলেও আখ্যা দিয়েছেন।
অন্যদিকে, স্পেনের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মাদ্রিদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক পুনর্বিবেচনার হুমকিও দিয়েছেন বলে জানা গেছে।
