যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলা নিয়ে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা আইএইএ’র ভূমিকার তীব্র সমালোচনা করেছে ইরান। সংস্থাটির বিরুদ্ধে ‘উদাসীনতা’ দেখানোর অভিযোগ তুলেছে তেহরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই হামলাগুলোকে স্পষ্টভাবে ‘অপরাধ’ হিসেবে বিবেচনা করা উচিত ছিল।
তিনি অভিযোগ করেন, আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি এ বিষয়ে ‘খুবই ভুল অবস্থান’ নিয়েছেন। হামলার নিন্দা না করে তিনি এমন ভাষা ব্যবহার করেছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
বাঘাই আরও বলেন, সংস্থাটির প্রধানের মধ্যে প্রয়োজনীয় ‘দৃঢ়তা’ ও ‘নিরপেক্ষতার’ অভাব রয়েছে। তার মতে, আইএইএ’র উচিত ছিল নিরপেক্ষ অবস্থান বজায় রেখে স্পষ্টভাবে হামলাকারীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া।
ইরানের এই বক্তব্য নতুন করে আন্তর্জাতিক মহলে আলোচনা তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, চলমান সংঘাতের মধ্যে আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়ে উঠছে।
