দীর্ঘদিনের অভিযোগ ও ক্ষোভের প্রেক্ষিতে প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে করে গ্রাহকদের অতিরিক্ত আর্থিক চাপ কমবে বলে আশা করা হচ্ছে।
রোববার (২৯ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, খুব শিগগিরই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।
মন্ত্রী বলেন, প্রিপেইড মিটারের অতিরিক্ত চার্জ নিয়ে সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ বিরাজ করছিল। দায়িত্ব গ্রহণের পর বিষয়টি গুরুত্বসহকারে পর্যালোচনা করা হয়েছে। জনবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে এই চার্জ পুরোপুরি তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের প্রতি মাসে রিচার্জের সময় নির্দিষ্ট অঙ্কের অর্থ ‘মিটার ভাড়া’ বা রক্ষণাবেক্ষণ খাতে পরিশোধ করতে হয়, যা নিয়ে গ্রাহকদের মধ্যে ব্যাপক অসন্তোষ ছিল।
অনেকেই অভিযোগ করে আসছিলেন, দীর্ঘ সময় ধরে এই চার্জ কেটে নেওয়া হলেও মিটারের মূল খরচ আগেই উঠে গেছে। এরপরও কেন অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে—তা নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রাহকরা।
বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে, অতীতে মিটার ক্রয়ে অস্বচ্ছতা ও অতিরিক্ত ব্যয়ের কারণে এই আর্থিক চাপ গ্রাহকদের ওপর বর্তেছিল। বর্তমান সরকার এই বোঝা কমিয়ে বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করছে।
