সারাদেশে আগামী পাঁচদিন দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
সোমবার (৩০ মার্চ) সংস্থাটির সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানার দেওয়া পূর্বাভাসে জানানো হয়, আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে।
পরবর্তী দিনগুলোতেও দেশের অধিকাংশ অঞ্চলে একই ধরনের আবহাওয়া পরিস্থিতি বজায় থাকতে পারে। বিশেষ করে মঙ্গলবার থেকে পরবর্তী কয়েকদিন পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগে বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অফিস আরও জানায়, এ সময় দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য ওঠানামা করতে পারে, তবে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।
