অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তথ্য দিলে সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
সোমবার প্রকাশিত এক বার্তায় মন্ত্রণালয় জানায়, জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারকারীদের বিষয়ে সঠিক তথ্য দিয়ে স্থানীয় প্রশাসনকে সহায়তা করলে তথ্যদাতাকে এই অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হবে।
এর আগে মন্ত্রণালয় স্পষ্ট করে জানায়, দেশে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অযথা আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি তেল কেনার প্রয়োজন নেই। পেট্রোল, অকটেন ও ডিজেল অত্যন্ত দাহ্য হওয়ায় এগুলো মজুত রাখা ঝুঁকিপূর্ণ।
অবৈধ মজুত ঠেকাতে ইতোমধ্যে আইনগত ব্যবস্থা জোরদার করা হয়েছে। দেশের প্রতিটি জেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে।
এছাড়া সরকার এখন পর্যন্ত জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেনি বলে জানানো হয়েছে। অতিরিক্ত মুনাফার আশায় কেউ যেন অবৈধভাবে তেল মজুত না করে, সে বিষয়ে সতর্ক করা হয়েছে।
সরকার চাহিদা অনুযায়ী আন্তর্জাতিক বাজার থেকে জ্বালানি তেল আমদানি করে সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে বলেও জানায় মন্ত্রণালয়। ফলে জ্বালানি সংকটের কোনো আশঙ্কা নেই বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন।
