সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সৌন্দর্যবর্ধনে কুমিল্লায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে মহাসড়কের কুমিল্লা অংশে এ কর্মসূচি গ্রহণ করা হয়।
বুধবার দুপুরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা পরিষদের সামনে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় বিভিন্ন প্রজাতির গাছ রোপণের মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হয়।
সড়ক ও জনপথ বিভাগ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় ১০৪ কিলোমিটার এলাকাজুড়ে পর্যায়ক্রমে প্রায় ১৫ হাজার গাছ রোপণ করা হবে। এসব গাছের মধ্যে রয়েছে সোনালু, বকুল, কাঞ্চন, কৃষ্ণচূড়া, জারুল ও পলাশসহ নান্দনিক ও পরিবেশবান্ধব বিভিন্ন প্রজাতি।
সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী পাঁচ বছরে ২৫ হাজার বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বর্ষা মৌসুমজুড়ে মহাসড়কের ডিভাইডার এবং সড়কের দুই পাশে এসব গাছ লাগানো হবে বলে জানানো হয়।
সংশ্লিষ্টরা জানান, মহাসড়ককে দৃষ্টিনন্দন করে তোলার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে এই বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলামসহ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
