ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ২১ জন শিশুকে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টা থেকে বুধবার (১ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত এসব শিশু হাসপাতালে ভর্তি হয়। বর্তমানে তাদের হাসপাতালের নির্ধারিত হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা প্রদান করা হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ১৪৩ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৫ জন শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে ৬৪ জন শিশু চিকিৎসাধীন রয়েছে এবং বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, হামে আক্রান্ত রোগীদের জন্য গত সোমবার হাসপাতালের ৮ম তলার কেবিন এলাকায় ৬৪ শয্যার একটি পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। সেখানে তিনটি মেডিকেল টিমের মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ২১ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে।
