বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক ইরানের বর্তমান পরিস্থিতি থেকে দ্রুত স্থিতিশীলতা ফিরে পাবে এবং দেশটির উন্নয়ন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর গুলশানস্থ ইরান দূতাবাসে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোক প্রকাশ অনুষ্ঠানে অংশগ্রহণ এবং সংরক্ষিত শোকবইয়ে স্বাক্ষর শেষে মামুনুল হক এ মন্তব্য করেন।
শোক প্রকাশ অনুষ্ঠানে তিনি বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহান আবাদি-র সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি মুসলিম উম্মাহর শান্তি, স্থিতিশীলতা ও সংহতি কামনা করেন। এছাড়া তিনি আশা প্রকাশ করেন, ইরান বিদ্যমান পরিস্থিতি সফলভাবে অতিক্রম করবে এবং দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
শোক প্রকাশকালে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের পররাষ্ট্র ও আন্তর্জাতিক বিষয়ক সচিব ফারিদ খান, এবং ইরান দূতাবাসের পক্ষে উপস্থিত ছিলেন কনস্যুলার ও ইকোনমিক অ্যাফেয়ার্স বিভাগের কর্মকর্তা মাহমুদ খসরভি।
