মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহা বিমানবন্দর এখনো বন্ধ থাকায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও চারটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিমানবন্দর সূত্র জানায়, বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে মধ্যপ্রাচ্য থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি আগমন ফ্লাইট চট্টগ্রামে পৌঁছানোর কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। একইভাবে এয়ার আরাবিয়ার আরও দুটি আগমন ফ্লাইটও বাতিল করা হয়েছে।
এদিকে মাস্কাট থেকে আসা সালাম এয়ারের একটি ফ্লাইট কুয়াশার কারণে সরাসরি চট্টগ্রামে অবতরণ করতে না পেরে ঢাকায় ডাইভার্ট হয়। পরে ঢাকা থেকে পুনরায় উড্ডয়ন করে সকাল ১০টা ৫৫ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরবর্তীতে একই উড়োজাহাজ যাত্রী নিয়ে মাস্কাটের উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করার কথা রয়েছে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের সংঘাতজনিত পরিস্থিতির প্রভাব আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় পড়ছে। সর্বশেষ চারটিসহ এ পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোট ৫০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
