মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইয়েমেনের হুথিরা ইরানিদের প্রতি আন্তরিক সমবেদনা ও গভীর সহানুভূতি প্রকাশ করেছে।
রবিবার (১ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা–এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইয়েমেনের হুথিদের শীর্ষ রাজনৈতিক সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, “এই হামলা আন্তর্জাতিক আইন ও রীতিনীতির স্পষ্ট লঙ্ঘন। এটি ইসলামী জাতির ওপর অন্যায্য আক্রমণের ধারাবাহিকতার প্রতীক।”
গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া যৌথ হামলায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তেহরানের তথ্য অনুযায়ী, এ হামলায় খামেনিসহ সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আবদুল রহিম মুসাভি, প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ, খামেনির নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ডের প্রধান মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন। এ ছাড়া হামলায় খামেনির পরিবারেও মৃত্যুর ঘটনা ঘটেছে—মেয়ে, জামাতা, নাতি ও পুত্রবধূ নিহত হয়েছেন।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা জানিয়েছে, সশস্ত্র বাহিনীর আরও কয়েকজন শীর্ষ কমান্ডারও নিহত হয়েছেন। তাদের নাম আনুষ্ঠানিকভাবে পরবর্তী সময়ে ঘোষণা করা হবে।
