মধ্যপ্রাচ্যের উত্তেজনাকর পরিস্থিতিতে সেখানে অবস্থানরত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের নিরাপত্তা ও সার্বিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১ মার্চ) সচিবালয়ে নিজ কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠকে তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টাদের সঙ্গে প্রবাসীদের সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
বৈঠক সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে বহু আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন অসংখ্য বাংলাদেশি যাত্রী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের যথাযথ দেখভাল এবং নিরাপদে গন্তব্যে পৌঁছানোর বিকল্প ব্যবস্থা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী সরাসরি তদারকি করছেন। বিমান প্রতিমন্ত্রী ও প্রবাসী কল্যাণ মন্ত্রী বিমানবন্দরে অবস্থান করে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যাত্রীদের সহায়তা প্রদান করছেন।
