মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এর কার্যক্রমেও প্রভাব পড়ে। ফলে তিনদিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিমানবন্দর সূত্র জানায়, ২৮ ফেব্রুয়ারি রাত পর্যন্ত ২৩টি ফ্লাইট বাতিল হয়। এতে এমিরেটস, গালফ এয়ার, ফ্লাইদুবাই, এয়ার অ্যারাবিয়া, ইউএস-বাংলা এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ছিল।
রোববার (১ মার্চ) আরও ৪০টি ফ্লাইট বাতিল হয়, যেখানে জাজিরা এয়ারওয়েজ, এমিরেটস, গালফ এয়ার, ফ্লাইদুবাই, কাতার এয়ারওয়েজ, সালাম এয়ার, এয়ার অ্যারাবিয়া, কুয়েত এয়ারওয়েজ, ইউএস-বাংলা এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট অন্তর্ভুক্ত। সোমবার ২ মার্চ পর্যন্ত ১১টি ফ্লাইট বাতিল হয়েছে।
সব মিলিয়ে ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত মোট ৭৪টি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। এতে মধ্যপ্রাচ্যগামী ও সেখান থেকে আসা হাজারো যাত্রী সমস্যায় পড়েছেন।
