পুলিশ বাহিনীকে স্বাধীনভাবে দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে এবং তাদের কাজে কোনো ধরনের হস্তক্ষেপ বরদাশত করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি বলেছেন, পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে থাকবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত সময়ে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সেই আস্থা ও মর্যাদা পুনরুদ্ধারে সরকার কাজ করছে। তিনি জোর দিয়ে বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে এবং কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রভাব গ্রহণ করা যাবে না।
তিনি আরও জানান, বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা জোরদার এবং সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পুলিশের দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেই জনআস্থা ফিরিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
