আইন, বিচার ও প্রশাসনসহ বিভিন্ন খাতে শুরু হওয়া সংস্কার কার্যক্রম বর্তমান সরকার অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)–এর বাংলাদেশ মিশন প্রধান মাইকেল মিলার।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠক শেষে মাইকেল মিলার জানান, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সঙ্গে বিদ্যমান অংশীদারিত্ব আরও জোরদার করতে আগ্রহী। তিনি ইউরোপের সঙ্গে অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি (পিসিএ) দ্রুত চূড়ান্ত ও স্বাক্ষরের প্রত্যাশাও ব্যক্ত করেন।
উল্লেখ্য, মাইকেল মিলারের নেতৃত্বে অনুষ্ঠিত এ বৈঠকে স্পেন, জার্মানি, নরওয়ে, ফ্রান্স ও ডেনমার্কের রাষ্ট্রদূতরাও উপস্থিত ছিলেন। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।
