কক্সবাজারের পেকুয়া-য় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে চকরিয়া বরইতলী–মগনামা বানৌজা সাবমেরিন সড়কের পেকুয়া ইউনিয়নের আন্নার আলী মাত্বর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু তাহসিন ঈদগাঁহ উপজেলার পালাকাটা জালালাবাদ এলাকার বাসিন্দা আবদুল হকের ছেলে। আহতরা হলেন তাহসিনের মা শারমিন আক্তার জিয়াসমিন ও মামা শাহেদ করিম।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারগামী ‘বলাকা সার্ভিস’ নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়।
নিহতের নানা আবুল কাশেম বলেন, ঈদগাঁহ থেকে কুতুবদিয়া যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। আহতদের প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। পরে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।
পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, সকাল সাড়ে ১০টার দিকে তিনজন আহত রোগী আনা হলে তাদের মধ্যে একজনের মৃত্যু হয়। অপর দুজনের অবস্থাও আশঙ্কাজনক।
পেকুয়া থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, দুর্ঘটনাকবলিত সিএনজি জব্দ করা হয়েছে এবং বাসটি জব্দের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
