ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে চূড়ান্ত দিকনির্দেশনা দিতে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে বহুল আলোচিত ফ্যামিলি কার্ড কর্মসূচি এ মাস থেকেই, ঈদের আগেই, বিতরণ শুরু করার লক্ষ্য রয়েছে। দেশের প্রতিটি পরিবারের নারী সদস্য পর্যায়ক্রমে এই কার্ডের আওতায় আসবেন।
কোন অঞ্চল আগে অগ্রাধিকার পাবে—এ বিষয়ে সিদ্ধান্ত নিতে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি ছোট কমিটি দ্রুত চূড়ান্ত কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন কাঠামো নির্ধারণ করবে বলে জানান তিনি।
কার্ডের মাধ্যমে প্রাথমিকভাবে কত টাকা দেওয়া হবে—এ প্রশ্নে মন্ত্রী বলেন, নির্দিষ্ট অঙ্ক এখনো ঠিক হয়নি। তবে প্রায় পাঁচ কোটি পরিবারকে ধাপে ধাপে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
অগ্রাধিকার প্রসঙ্গে তিনি জানান, প্রথম ধাপে হতদরিদ্র, প্রতিবন্ধী ও বিধবা নারীদের গুরুত্ব দেওয়া হবে। পরে পর্যায়ক্রমে সব পরিবারই অন্তর্ভুক্ত হবে।
