বরিশালের বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় রমজান মাসের ইফতার কর্মসূচি পরিচালনায় আর্থিক সহায়তার আহ্বান জানিয়েছেন আসাদুজ্জামান ফুয়াদ। তিনি আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। সেখানে তিনি বলেন, আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার কার্যক্রম নির্বিঘ্নভাবে পরিচালনার জন্য সবার দোয়া ও আর্থিক সহযোগিতা প্রয়োজন।
তিনি উল্লেখ করেন, তার নির্বাচনী এলাকা বরিশাল-৩ আসনের অন্তর্ভুক্ত বাবুগঞ্জ ও মুলাদী উপজেলায় ৬০০টিরও বেশি মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা রয়েছে। প্রতিবছর এসব প্রতিষ্ঠানে নিয়মিত ইফতারের আয়োজন করা হলেও নদীবেষ্টিত প্রত্যন্ত অঞ্চলে ব্যয় নির্বাহ অনেক সময় কঠিন হয়ে পড়ে।
ব্যারিস্টার ফুয়াদ সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রবাসী বাংলাদেশিদের এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ গড়ার চলমান প্রক্রিয়ার প্রসঙ্গ তুলে ধরে শহীদদের আদর্শ ধারণ করে মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া ইনসাফ ও স্বাধীনতার চেতনা সমুন্নত রাখতে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর সক্রিয় ভূমিকার কথাও তিনি উল্লেখ করেন এবং জনকল্যাণমূলক উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানান।
