পবিত্র রমজান মাসের সূচনা নির্ধারণে আগামী মঙ্গলবার চাঁদ দেখার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি রয়্যাল কোর্ট। রোববার জারি করা এক বার্তায় এ অনুরোধ জানানো হয়।
বার্তায় বলা হয়েছে, মঙ্গলবার শাবান মাসের ২৯তম দিন পূর্ণ হবে এবং ওই দিন সূর্যাস্তের পর আকাশে রমজানের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এদিন সন্ধ্যার পর পশ্চিম দিগন্তে চাঁদ পর্যবেক্ষণে সতর্ক থাকতে বলা হয়েছে।
চাঁদ দেখা গেলে তা খালি চোখে বা দূরবীন দিয়ে নিশ্চিত করে নিকটস্থ আদালতকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি যারা চাঁদ দেখার বিষয়ে আগ্রহী, তাদের স্থানীয় চাঁদ দেখা কমিটির সঙ্গে যুক্ত হওয়ারও আহ্বান জানানো হয়।
মুসলিম উম্মাহর কল্যাণ ও ধর্মীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে এ কার্যক্রমে অংশ নিতে আগ্রহীদের উৎসাহিত করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
