বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় নির্বাচনে প্রায় ৪০ শতাংশ ভোট পেয়ে জামায়াত নেতৃত্বাধীন জোট এখন একটি শক্তিশালী জাতীয় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
তিনি জানান, প্রায় ৫৪ শতাংশ ভোট পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জোট আসনে সংখ্যাগরিষ্ঠতা পেলেও সামগ্রিক ভোটের চিত্র ভিন্ন বাস্তবতা তুলে ধরছে। ফলাফলকে স্বীকৃতি ও সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, বিদ্যমান ‘ফার্স্ট-পাস্ট-দ্য-পোস্ট’ পদ্ধতিতে বহু ভোট যথাযথ মূল্যায়ন পায় না।
তার দাবি, অন্তত ৫৩টি আসনে অল্প ব্যবধানে ফল নির্ধারিত হয়েছে এবং কয়েকটি আসন বর্তমানে নির্বাচন কমিশন–এ পর্যালোচনাধীন। সংশ্লিষ্ট আসনগুলোতে আইনি কাঠামোর মধ্যেই স্বচ্ছতা নিশ্চিতের চেষ্টা চলবে বলেও জানান তিনি।
স্বচ্ছতা ও জবাবদিহিতাকে গণতন্ত্রের পূর্বশর্ত উল্লেখ করে তিনি বলেন, যেখানে অনিয়ম বা বিলম্বের অভিযোগ আছে সেখানে পুনর্গণনা ও আইনি প্রতিকারের উদ্যোগ নেওয়া হচ্ছে। জনগণের আস্থা টিকিয়ে রাখতে স্বাধীন প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকার ওপরও জোর দেন তিনি।
গণভোটের ফল তুলে ধরে জামায়াত আমির বলেন, বিপুলসংখ্যক ভোটার সংস্কারের পক্ষে মত দিয়েছেন, যা পরিবর্তনের স্পষ্ট বার্তা। নতুন সরকার যেন এই ম্যান্ডেটকে সম্মান করে আইনের শাসন ও জবাবদিহিতার ভিত্তিতে দেশ পরিচালনা করে—সেই প্রত্যাশাও জানান তিনি।
আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ ভূমিকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সহিংসতা বা বেআইনি কার্যক্রমের অভিযোগ এলে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি রাজনৈতিক নেতৃত্বকেও সংবিধানের সীমার মধ্যে থেকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।
