আগামী তিন থেকে চার দিনের মধ্যেই নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদসচিব ড. শেখ আব্দুর রশীদ। শনিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ১৮ ফেব্রুয়ারির মধ্যেই পুরো প্রক্রিয়া শেষ করার লক্ষ্য রয়েছে।
তিনি বলেন, আইন অনুযায়ী ১৭ ফেব্রুয়ারির মধ্যে এমপিদের শপথ নেওয়ার কথা এবং সে অনুযায়ী সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রাখা হয়েছে। প্রয়োজনে তা আরও দ্রুত আয়োজনের সক্ষমতাও সরকারের রয়েছে।
এরই মধ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন ২৯৭টি আসনের নির্বাচিত সদস্যদের নাম উল্লেখ করে গেজেট প্রকাশ করেছে। নিয়ম অনুযায়ী, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে শপথ নেওয়া বাধ্যতামূলক।
স্পিকার বা ডেপুটি স্পিকার না থাকলে কে শপথ পড়াবেন—এ প্রশ্নে মন্ত্রিপরিষদসচিব জানান, বিষয়টি সংসদ সচিবালয় দেখবে। প্রয়োজনে স্পিকার মনোনীত ব্যক্তি, প্রধান বিচারপতি বা প্রধান নির্বাচন কমিশনারের মাধ্যমেও শপথ পড়ানোর সুযোগ রয়েছে।
নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বঙ্গভবন–এ অনুষ্ঠিত হবে এবং রাষ্ট্রপতি নিজেই শপথবাক্য পাঠ করাবেন। অনুষ্ঠানে প্রায় এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানোর প্রস্তুতিও রাখা হয়েছে। মন্ত্রিসভায় কতজন সদস্য থাকবেন, তা নির্ধারণ করবেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী।
মন্ত্রিপরিষদসচিব আরও জানান, রমজান শুরুর আগেই পুরো প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে।
