ভোট শেষে ভোটারদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে আবারও উদ্যোগ নিলেন সদ্য নির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর। নির্বাচনের আগে পটুয়াখালী-৩ আসন–এর ভোটারদের বাড়ি ফেরায় বিনা মূল্যে লঞ্চ টিকিট দেওয়ার পর এবার কর্মস্থলে ফেরার জন্যও ফ্রি লঞ্চ সার্ভিস চালু করেছেন তিনি।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে নুর এ তথ্য জানান।
স্ট্যাটাস অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রামগামী গলাচিপা-দশমিনার কর্মজীবী ভোটারদের সুবিধার্থে ‘রয়েল ক্রুজ-০২’ লঞ্চটি বিকেল ৪টায় চরকাজল লঞ্চঘাট থেকে ছেড়ে বিভিন্ন ঘাট স্পর্শ করে ঢাকার উদ্দেশে রওনা দেয়।
তিনি আরও জানান, লঞ্চটি চর শিবা, আউলিয়াপুর, দশমিনা ও বাশবাড়িয়া হয়ে চাঁদপুর অতিক্রম করে রাজধানীর পথে যাত্রা করবে।
এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন আসনের কর্মজীবী মানুষ ও সাধারণ ভোটাররা। তাদের মতে, নির্বাচনের পরও প্রতিনিধির এমন সহায়তা ইতিবাচক দৃষ্টান্ত।
