কুষ্টিয়া–৪ আসনের নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করে ভোট পুনর্গণনার দাবিতে বিক্ষোভ ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কুষ্টিয়া–৪ (কুমারখালী–খোকসা) এলাকা থেকে আসা কয়েকশ নেতাকর্মী কালেক্টরেট প্রাঙ্গণে জড়ো হন।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, নির্বাচনে ভুল ফলাফল ঘোষণা, এজেন্টদের কাছ থেকে আগেভাগে স্বাক্ষর নেওয়া এবং ভোট গণনায় কারচুপির মাধ্যমে ফল পরিবর্তন করা হয়েছে। তারা দাবি করেন, ফলাফল স্থগিত রেখে সব কেন্দ্রের ভোট পুনর্গণনা করতে হবে।
তাদের ভাষ্য, কারচুপির মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামী–সমর্থিত প্রার্থীকে বিজয়ী দেখানো হয়েছে। দ্রুত পুনর্গণনার ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা।
কর্মসূচি শেষে বিএনপি প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জমা দেন। একই সঙ্গে স্থানীয় কিছু নেতার বিরুদ্ধে দলীয় অবস্থানের বাইরে কাজ করার অভিযোগ তুলে তাদের কমিটি বিলুপ্তের আহ্বান জানিয়ে দলের চেয়ারম্যান তারেক রহমান–এর দৃষ্টি আকর্ষণ করেন বিক্ষোভকারীরা।
উল্লেখ্য, এ আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন জামায়াত–সমর্থিত প্রার্থী মো. আফজাল হোসেন। তিনি পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ২০৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী রুমী পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৫৭৪ ভোট। মোট ভোটার ৪ লাখ ২৪ হাজার ৪১৬ জন এবং কেন্দ্র ছিল ১৫২টি।
