জাতীয় সংসদের ২৯৮নং খাগড়াছড়ি আসনের সবচেয়ে দুর্গম তিনটি ভোটকেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। এসব কেন্দ্র হলো দীঘিনালা উপজেলার নাড়াইছড়ি এবং লক্ষ্মীছড়ি উপজেলার শুকনাছড়ি ও ফুত্যাছড়ি।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোনের হেলিপ্যাড থেকে একটি হেলিকপ্টার প্রথমে শুকনাছড়ি কেন্দ্রে সরঞ্জাম পৌঁছে দেয়। এরপর একই হেলিকপ্টার ব্যবহার করে ফুত্যাছড়ি ও নাড়াইছড়ি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন জানান, হেলিকপ্টারের মাধ্যমে শুধু ব্যালট বাক্স নয়, নির্বাচনী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও এসব দুর্গম কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে।
নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ইতোমধ্যে মাঠে নেমেছে সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী। বিশেষ করে সেনাবাহিনী, র্যাব ও বিজিবি জেলার বিভিন্ন এলাকায় টহল কার্যক্রম জোরদার করেছে।
খাগড়াছড়ি আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৪ হাজার ১১৪ জন। জেলায় মোট ২০৩টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ হবে। এর মধ্যে ১২১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ এবং ৬৮টি কেন্দ্র অতিঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামীসহ ১১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
