গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় একটি মালবাহী ট্রাকের চাপায় তিনি নিহত হন।
নিহত মনীষা বেগম (২৪) সাতক্ষীরার আশাশুনি উপজেলার ফটিকখালী গ্রামের বাসিন্দা রনি আহমেদের স্ত্রী। তিনি স্থানীয় লিবার্টি নিটওয়্যার কারখানায় কর্মরত ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, প্রতিদিনের মতো সকালে কাজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন মনীষা। সকাল প্রায় পৌনে আটটার দিকে মহাসড়ক পার হওয়ার সময় টাঙ্গাইলমুখী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে নাওজোর হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে।
নাওজোর হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম জানান, কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়ে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে এবং এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।
