বিএনপি ক্ষমতায় এলে নারীবান্ধব সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। তিনি বলেন, নারীদের শিক্ষা, স্বাস্থ্য ও আর্থিক নিরাপত্তায় বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান লেক পার্কে গুলশান-বনানী-বারিধারা সোসাইটির নারী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সভায় শর্মিলা রহমান ও জাইমা রহমানও উপস্থিত ছিলেন।
জোবাইদা রহমান জানান, বিএনপি সরকার গঠন করতে পারলে প্রতিটি উপজেলায় নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা হবে এবং মা-শিশু স্বাস্থ্যসেবা জোরদার করা হবে।
নারী শিক্ষা প্রসঙ্গে তিনি বলেন, বাল্যবিয়ে প্রতিরোধ ও উচ্চশিক্ষায় নারীদের অংশগ্রহণ বাড়াতে মেয়েদের জন্য স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার সুযোগ চালু করা হবে।
এছাড়া নারীদের সহায়তায় বিশেষ ‘সাপোর্ট সেল’ গঠনের পরিকল্পনার কথাও জানান তিনি, যেখানে আর্থিক ও আইনি সহায়তা দেওয়া হবে। কর্মজীবী নারীদের জন্য ছয় মাসের বেতনসহ মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।
পিতা-মাতার ভরণপোষণ আইন কার্যকর বাস্তবায়নের কথাও উল্লেখ করেন জোবাইদা রহমান। একই সঙ্গে গুলশান, বনানী ও বারিধারার স্থানীয় সমস্যাগুলো সম্মিলিত উদ্যোগে সমাধানের প্রত্যয় ব্যক্ত করেন।
